সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। রবিবার (৫ জুলাই) বিকেলে তিনি এসব প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরের শুরুতে তিনি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এরপর তিনি পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠী কলেজ এবং দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া আলিয়া মাদ্রাসা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম ও শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যা সম্পর্কে বক্তব্য শোনেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের মনোযোগসহকারে লেখাপড়া করে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষা খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলামসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন।

