দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই একই সময়ে নতুন করে ১ হাজার ১০৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই আক্রান্ত ও মৃত্যুর ঘটনাগুলো রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ৬৪৮ শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৭৪১ শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ১৫৯ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৪৭ জন। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৬ হাজার ৫৬৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৭৯১। আক্রান্তদের মধ্যে মোট ৮৯ হাজার ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে ৮৬ হাজার ৬২ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

