প্রধানমন্ত্রী তারেক রহমান তার মাসিক বেতনের ১০ শতাংশ নিয়মিতভাবে সরকারি কোষাগারে জমা দিয়ে থাকেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী বিনয়ের সঙ্গে মন্ত্রীদের একটি ব্যক্তিগত অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেন, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যাতে সেই অর্থ গরিব-দুঃখী মানুষের কল্যাণে বা সরকারি প্রয়োজনে ব্যয় করা সম্ভব হয়। বাবার সেই অনুসৃত চর্চার ধারাবাহিকতা বজায় রাখতেই প্রধানমন্ত্রী বর্তমান এই উদ্যোগ নিয়েছেন।
নিজের বেতনের বিষয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তার মূল বেতন এক লাখ ১৫ হাজার টাকা। সেই বেতনের ১০ শতাংশ অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা তিনি প্রতি মাসে সরকারি কোষাগারে জমা দেন। বেতন অ্যাকাউন্টে আসার পর তিনি সেই অর্থ সরকারি হিসাবে ফেরত দিয়ে থাকেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার অন্যান্য সদস্যদেরও তাদের সামর্থ্য অনুযায়ী বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখার মানসিকতা থেকেই প্রধানমন্ত্রী এমন উদ্যোগ গ্রহণ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

