মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহের পরিমাণ প্রায় ৩০০ এমএমসিএফডি কমে গেছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে পেট্রোবাংলা এই তথ্য নিশ্চিত করেছে।
পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার কারণেই মূলত মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। এই পরিস্থিতির কারণে দেশের আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সম্মুখীন হতে পারেন।
পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সারা দেশে গ্যাসের এই স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য পেট্রোবাংলা গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

