কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উদযাপন উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই প্রামাণ্যচিত্রটি তৈরির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার কাছে সংরক্ষিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, বিশেষ করে ‘১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’–সংক্রান্ত তথ্য, স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উদযাপন উপকমিটির সদস্যসচিব মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগ্রহীরা তাদের কাছে সংরক্ষিত তথ্য, ছবি ও ভিডিও আগামী ৮ জুলাই ২০২৬ তারিখের মধ্যে দুপুর ১২টার মধ্যে জমা দিতে পারবেন।
সংগৃহীত উপকরণগুলো shahakibmortuja@gmail.com ই-মেইল ঠিকানায় অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে জমা দেওয়া যাবে।
এ বিষয়ে মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে জুলাইয়ের ইতিহাস তুলে ধরা ও তা সংরক্ষণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে থাকা ছবি ও ভিডিও আহ্বান করা হচ্ছে। তিনি আরও জানান, সবার পাঠানো ছবি ও ভিডিও এবং বিশ্ববিদ্যালয়ের কাছে সংরক্ষিত উপকরণের সমন্বয়ে বাছাই করে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে। তাই সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের কাছে থাকা স্থিরচিত্র ও ভিডিও ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

