তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে এফ-৩৫ বিক্রির ঘোষণা ট্রাম্পের

তুরস্কের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি আঙ্কারার কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রক্রিয়া শুরু করার কথাও জানিয়েছেন তিনি। তুরস্কে আয়োজিত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার প্রাক্কালে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেন যে, ‘কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট’-এর আওতায় তুরস্কের ওপর যে নিষেধাজ্ঞাগুলো ছিল, সেগুলো তুলে নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি এমন একটি সিদ্ধান্ত যা আমরা নিতে যাচ্ছি। এর আগে ২০২০ সালে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রতিক্রিয়ায় ওয়াশিংটন তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং এর জেরে আঙ্কারাকে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকেও বাদ দেওয়া হয়েছিল। তুরস্ক তখন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অবৈধ এবং অন্যায্য বলে অভিহিত করেছিল।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, আঙ্কারা সফরে ট্রাম্প এফ-৩৫ বিক্রির সম্ভাবনার বিষয়ে নিজের সমর্থন ব্যক্ত করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আইনি ও কংগ্রেসের কিছু বাধা এখনো পুরোপুরি নিষ্পত্তি হয়নি। এছাড়া, আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও ট্রাম্পের আলোচনার কথা রয়েছে।