জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন (ইসি)। যদিও জাতীয় এবং স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট এক নয়, তবুও ভোটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানিয়েছেন, ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সাজানোর কাজ চলছে।

বুধবার (০৮ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিষয়ে আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন। বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে নির্বাচন কমিশনের এই সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবজারভেশন মিশনের দেওয়া সুনির্দিষ্ট ১৯টি প্রস্তাবনাকে কমিশন গুরুত্ব দিচ্ছে। সামনের দিনগুলোতে ইইউর সঙ্গে এই বিষয়গুলো সমন্বয় করে কাজ করা হবে।

ইসি সানাউল্লাহ বলেন, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা নিয়ে কাজ চলছে। কমিশনের দক্ষতা বৃদ্ধি এবং পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলো যথাযথভাবে আমলে নিলে আগামীতে ভালো ফলাফল পাওয়া সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, নারী, সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নির্বাচনী প্রক্রিয়ায় আরও বেশি অংশগ্রহণমূলক করার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন।