যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের (ফুড ডেলিভারি) কাজ করার সময় দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি অভিবাসী নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে ধারণা করা হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর ফিলাডেলফিয়ার স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও তীব্র আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে। ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় মাহফুজুল হককে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাহফুজুল হক ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি আল-শাম উইলো গ্রোভ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার পরিবারে স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ডোরড্যাশের মাধ্যমে খাবার সরবরাহের দায়িত্ব পালনকালে মাহফুজুল হক হামলার শিকার হন। ঘটনাস্থল থেকে তার চালু অবস্থায় থাকা গাড়ি, ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত দুটি খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায়, এই ঘটনায় মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ফিলাডেলফিয়া পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

