চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতির প্রেক্ষাপটে বন্যাকবলিত জনগণের পাশে থেকে কাজ করার জন্য প্রশাসনকে দৃঢ় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিএনপির নেতাকর্মীদেরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। আজ শুক্রবার সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ড. মাহদী আমিন বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রের প্রতিটি সংস্থা ও প্রশাসন ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদেরও সক্রিয় ভূমিকা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।
অনুষ্ঠানে ড. মাহদী আমিন মানবিক মূল্যবোধকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে নির্বাচিত সরকারের সহযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে নির্বাচিত সরকারের হাতকে শক্তিশালী করি এবং এই বাংলাদেশকে একসাথে গড়ে তুলি। আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশের ধারক হিসেবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করব।

