থাইল্যান্ডের পাইয়াথাই-২ হাসপাতালে বিশেষ ছাড় সুবিধা পাবেন প্রেস ক্লাব সদস্যরা

জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জন্য চিকিৎসাসেবার সুযোগ বাড়াতে থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হসপিটালের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত শুক্রবার (১০ জুলাই) আয়োজিত এই চুক্তির ফলে এখন থেকে জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা থাইল্যান্ডের উক্ত হাসপাতালে বিশেষ ছাড়ের বিনিময়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন তাদের মার্কেটিং ডিরেক্টর সোরাওং সিরিবুনপান এবং জাতীয় প্রেস ক্লাবের পক্ষে স্বাক্ষর করেন ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। ঢাকায় হসপিটালটির প্রতিনিধি প্রতিষ্ঠান মোমেন্টাম মেডিকেয়ারের সহযোগিতায় এই আয়োজনটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হসপিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সিনিয়র ম্যানেজার (ইন্টারন্যাশনাল মার্কেটিং) সুয়াদী নিমা এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং অফিসার রাওয়িসারা সাংসুয়ান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের স্বাস্থ্যসেবা উপকমিটির আহ্বায়ক একেএম মোহসিন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ম্যানেজিং কমিটির সদস্য কাজী রওনাক হোসেন ও শাহনাজ পলি। এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক রফিকুর রহমান ও বুলবুল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামসহ প্রেস ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।