ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, শেখ হাসিনাকে এখনই দেশে ফেরার আহ্বান আসিফ নজরুলের

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের যে ঘোষণা দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তাকে অবিলম্বে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি প্রশ্ন রাখেন, ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, আপনি এখনই দেশে ফিরে আসুন।’

ড. আসিফ নজরুল তার স্ট্যাটাসে উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে এবং বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ গ্রহণ করেছে। সরকার তাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়। তিনি বলেন, যদি দেশে ফেরার ব্যাপারে তার আগ্রহ সত্য হয়ে থাকে, তবে ডিসেম্বরের অপেক্ষায় সময়ক্ষেপণ করার কোনো যৌক্তিকতা নেই। বাংলাদেশের জনগণ ও আদালতের সামনে তার অনেক প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

সাবেক এই আইন উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানির দায় নিয়ে শেখ হাসিনার কাছে ব্যাখ্যা চেয়েছেন। একইসঙ্গে তার শাসনামলে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর এবং ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এছাড়া দীর্ঘ সময় ভোটাধিকার হরণ এবং বাংলাদেশকে ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত করার অভিযোগের বিষয়েও তিনি জবাব চেয়েছেন।

স্ট্যাটাসে ড. আসিফ নজরুল আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের বিদেশে পাঠালেও আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতা-কর্মী রাজনৈতিক ও আইনি পরিণতির ভার বহন করছেন। তাদের অনেকেই বর্তমানে বিভিন্ন মামলার সম্মুখীন এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই যদি সত্যিই দেশে ফেরার পরিকল্পনা থাকে, তবে আর বিলম্ব না করে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায়, বারবার ফেরার ঘোষণা দিয়ে সাধারণ নেতা-কর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে না ফেলার পরামর্শ দিয়েছেন তিনি।

উল্লেখ্য যে, যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছিলেন এবং নির্বাসনে থাকা দলের নেতাদেরও তার সঙ্গে দেশে ফেরার আহ্বান জানিয়েছিলেন।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণার পর তার উদ্দেশে অন্তবর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, আপনি এখনই দেশে ফিরে আসুন।’ শনিবার দুপুর ২টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।