প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম বরিশাল সফরে সোমবার সকালে গৌরনদীতে পৌঁছান তারেক রহমান। সকাল সাড়ে ৯টার দিকে সেখানে পৌঁছানোর পর তাকে স্বাগত জানাতে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। গৌরনদী থেকে শুরু করে বরিশাল নগর পর্যন্ত দীর্ঘ ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা দাঁড়িয়ে গড়ে তোলেন বিশাল এক মানবপ্রাচীর।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, এই সফরকে কেন্দ্র করে কোনো ধরনের তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা হয়নি। সাদামাটা আয়োজনের মাধ্যমেই তাকে অভিনব কায়দায় সংবর্ধনা জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুরের দিকে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় সাগরদী খালের পাশে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। সেখানে জিআই পণ্য হিসেবে স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছসহ শতাধিক দেশীয় প্রজাতির গাছ রোপণ করা হবে।
বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই সভায় বরিশাল বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সভা শেষে সড়কপথে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফর নির্বিঘ্ন করতে বরিশাল জেলা প্রশাসন কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। জনসাধারণের চলাচলে যাতে কোনো প্রকার ভোগান্তি সৃষ্টি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
