প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল সফরে গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকাল ১০টায় তার গাড়িবহর বরিশালের গৌরনদীতে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরকালে তাকে স্বাগত জানাতে সড়কের দু’পাশে হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন এবং মুহুর্মুহু করতালির মাধ্যমে তাদের প্রিয় নেতাকে অভিনন্দন জানান।
তারেক রহমানের নির্দেশনায় তার ছবি সম্বলিত কোনো স্বাগত তোরণ, ব্যানার বা ফেস্টুন নির্মাণ করা হয়নি। ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজের একটি বুলেটপ্রুফ বাসে করে সফর করছেন তিনি। বাসের ভেতর থেকে হাত নেড়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। এর আগে সোমবার ভোর ৬টায় গুলশানের বাসা থেকে তিনি বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
গৌরনদীতে পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সফরসূচির অংশ হিসেবে তারেক রহমান গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।
এরপর দুপুরে জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। নির্ধারিত এসব কর্মসূচি শেষে সোমবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।
