ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামে সাপের কামড়ে মোসা. নুসরাত আক্তার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি ওই গ্রামের মো. ইমাম হোসেনের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১২ জুলাই) বিকেলে নুসরাত বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে উঠানের একটি গর্তে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. কামাল হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল জানান, পরিবারের সদস্যরা সময় নষ্ট না করে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই অকাল মৃত্যুতে শিশুটির পরিবারে শোকের মাতম চলছে এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সচেতন মহল বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঝোপঝাড় পরিষ্কার করার ওপর জোর দিয়েছেন। এছাড়া শিশুদের প্রতি সার্বক্ষণিক নজর রাখার এবং সাপের কামড়ের ঘটনায় কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাস না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।
