কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে বন্যার পানির তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর সোমবার (১৩ জুলাই) স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন। নিহত যুবকের নাম মো. ইব্রাহীম (১৮)। তিনি কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৈষকুম এলাকার বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে।
ঘটনার বিবরণ দিয়ে স্থানীয়রা জানান, রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে মৈষকুম এলাকার একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যান ইব্রাহীম। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সেখানে তীব্র স্রোত ছিল। সাঁকো থেকে পড়ে যাওয়ার পরপরই তিনি স্রোতের টানে পানিতে তলিয়ে যান।
ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা নদী এবং এর আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালান। তবে রোববার সারাদিন চেষ্টা করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৮: ৪২আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৮: ৪৯
