দীর্ঘ ২০ বছর পর কলকাতায় আসছেন লেখিকা তসলিমা নাসরিন

দীর্ঘ ২০ বছর পর আবারও কলকাতার মাটিতে পা রাখছেন আলোচিত ও সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আয়োজকদের দাবি অনুযায়ী, এই অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহিত রায় জানান, তসলিমা নাসরিনের এই রাজ্যে আসার ক্ষেত্রে বর্তমানে কোনো আইনি বাধা নেই। তিনি বলেন, বিগত দুটি সরকার মৌলবাদের কাছে নতজানু থাকলেও এখন নতুন সরকার ক্ষমতায় রয়েছে। সেই নতুন আবহে আয়োজকরা তসলিমাকে কলকাতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। মোহিত রায়ের ভাষ্যমতে, এই অনুষ্ঠানের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই; বরং তসলিমার কবিতা ও গান নিয়ে এই আয়োজন সাজানো হয়েছে। তবে লেখিকার নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

আরেক আয়োজক সংগঠন ‘সেক্যুলার মিশন’-এর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। সকল প্রতিক্রিয়াশীল শক্তিকে পরাস্ত করে তিনি আসছেন। উদ্যোক্তারা তসলিমাকে ‘মৌলবাদ বিরোধী প্রতিবাদের অগ্নিসম প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন।

তবে এই সফর নিয়ে ভিন্নমত পোষণ করেছেন আইএসএফ নেতা ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, বিজেপি সরকার ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। তসলিমা নাসরিনকে মুসলমান-বিদ্বেষী হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিজেপি সমর্থকদের কাছে এটি এমন বার্তা দেবে যে মুসলমানদের ‘টাইট’ করা হচ্ছে, যা তাদের কাছে উন্নয়ন।

উল্লেখ্য, ২০০৭ সালে তসলিমা নাসরিনের ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশকে কেন্দ্র করে কলকাতার সংখ্যালঘু এলাকাগুলোতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন বাম সরকারকে সেনা মোতায়েন করতে হয়েছিল। ওই সময় বইটিতে নিষেধাজ্ঞা জারি করে লেখিকাকে কলকাতা ছাড়তে বলা হয়। পরবর্তীতে তৃণমূল সরকারের আমলেও তসলিমার ওপর সেই অলিখিত নিষেধাজ্ঞা বজায় ছিল। বর্তমানে নয়াদিল্লিতে বসবাসরত তসলিমা শাসনক্ষমতায় পরিবর্তনের পর এবারই প্রথম কলকাতায় ফিরছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy