যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যে বড় ধরনের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। আল-জাজিরার তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৭.৪৯ ডলারে গিয়ে ঠেকেছে। গত ১২ জুনের পর এটিই জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে ডব্লিউটিআই প্রতি ব্যারেল ৭৮ দশমিক ১৪ ডলারে বিক্রি হচ্ছে।
এর আগে গত সোমবারও তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা গিয়েছিল, যেখানে মাত্র এক দিনেই দাম ৯ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল। বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই নতুন বিমান হামলার ফলে দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।
মধ্যপ্রাচ্যে নতুন করে এই উত্তেজনা সৃষ্টির ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি আবারও লাগামহীন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর দিন ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলের ওপর অবরোধ জারি করেছিল। এর প্রতিক্রিয়ায় গত ৭ এপ্রিল ইরানের বন্দরগুলো লক্ষ্য করে পাল্টা অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। বর্তমান বাজারদর চলমান যুদ্ধ শুরুর পর দেখা সর্বোচ্চ চূড়ার চেয়ে কিছুটা কম হলেও সাম্প্রতিক এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

