দেশকে সবুজ করতে শিশুদের প্রতি বছর গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের প্রাক্কালে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে তিনি নিজে একটি নিমগাছের চারা রোপণ করেন।

এই উদ্যোগের আওতায় এদিন সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ গাছের চারা রোপণ করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ছোট্ট বন্ধুরা, তোমরা চেষ্টা করবে প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণ করতে। সেটি তোমাদের স্কুলের আঙিনায় হোক কিংবা বাসার আশেপাশে—যেখানে সুবিধা সেখানেই একটি করে গাছ লাগাবে।

শিশুদের পরিবেশ সচেতন করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, গাছ কী পরিমাণ অক্সিজেন উৎপাদন করে এবং মানুষের উপকারে কীভাবে আসে, তা তোমরা ইন্টারনেট ঘেঁটে গবেষণা করবে। এভাবে প্রতি বছর নতুন নতুন গাছ সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করতে পারবে। তিনি আরও বলেন, স্কুলে লাগানো গাছ বড় হলে তোমাদের ছায়া দেবে এবং ক্লান্তির সময় তোমরা সেই গাছের নিচে বিশ্রাম নিতে পারবে। একইভাবে বাসায় গাছ রোপণ করলে সুন্দর বাতাস পাওয়া যায় এবং পরিবেশও শীতল থাকে।

আজকের দিনটিকে একটি স্মরণীয় দিন হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেকগুলো গাছ রোপণ করলাম। উদ্বোধনের পর তিনি শিশু শিক্ষার্থীদের তৈরি প্রাণ-প্রকৃতি বিষয়ক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin