নরসিংদীতে গোসল করতে নেমে চার মাদরাসাছাত্রীর মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলায় একসঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চাঁন্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত চার শিশু হলো বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), একই পরিবারের জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাদরাসার বিরতির সময় ছয়জন ছাত্রী মিলে বাড়ির পাশের খালে গোসল করতে নামে। সাঁতার না জানা এবং খালের গভীরতা সম্পর্কে ধারণা না থাকায় মুহূর্তের মধ্যে চারজন তলিয়ে যেতে শুরু করে। এ সময় বাকি দুজন দ্রুত পাড়ে উঠে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, দুপুর ১টার দিকে শিশুগুলোকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তারা মারা গিয়েছিল। পরীক্ষা করে তাদের শরীরে কোনো শ্বাস-প্রশ্বাস বা হার্টবিট পাওয়া যায়নি। চারজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায় বলে জানা গেছে।

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৫: ১৫আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৫: ২৫

কন্টেন্ট: সংগৃহীত