কওমি ঘরানার ৭ দলের নেতাদের সঙ্গে হেফাজত আমিরের মতবিনিময়

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আমন্ত্রণে কওমি ঘরানার সাতটি ইসলামী দলের শীর্ষ নেতাদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রামের ফটিকছড়িস্থ জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই সভা আয়োজিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। এতে হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমীসহ হেফাজতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী অন্য নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং ইসলামি আন্দোলনের মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় নেতারা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন। সভার একটি বড় অংশজুড়ে ছিল দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি। চট্টগ্রামসহ হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় সৃষ্ট বন্যায় ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় মালামাল হারিয়ে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছে বলে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন নেতারা। আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এই দুর্যোগপূর্ণ সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোকে মানবিক, সামাজিক ও ঈমানি দায়িত্ব হিসেবে অভিহিত করেন। তিনি হেফাজতের জেলা ও উপজেলা শাখার পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ এবং দুর্গত মানুষের সহযোগিতা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।

কন্টেন্ট: সংগৃহীত