প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ইংল্যান্ডের পিক ডিস্ট্রিক্ট ও শেফিল্ড শহর

হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ ইংল্যান্ডের পিক ডিস্ট্রিক্ট তার সবুজ বন-বনানি, প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। ব্রিটেনের প্রথম ও প্রাচীনতম এই জাতীয় উদ্যানটি উঁচু পাথরের পর্বতশৃঙ্গ, হিমেল হ্রদ এবং বিস্তীর্ণ প্রান্তর নিয়ে গঠিত। পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রাচীন গুহাগুলোতে পৃথিবীর বিরল ব্লু জন পাথরের খনি রয়েছে, যা শত শত বছর ধরে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে অনন্য করে রেখেছে। ডার্বিশায়ার, ইয়র্কশায়ার, চেশায়ার ও গ্রেটার ম্যানচেস্টার অঞ্চলজুড়ে বিস্তৃত এই পার্কটি প্রকৃতি, ইতিহাস ও শিল্পের এক স্বর্গীয় সংমিশ্রণ।

পিক ডিস্ট্রিক্টের প্রাণকেন্দ্রে ক্যাসেলটন গ্রামে অবস্থিত ট্রিক ক্লিফ ক্যাভার্ন গুহাটি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। ১৭৪৫ সালে পাথর কেটে নির্মিত এই সুড়ঙ্গপথে আলাদ্দিনের গুহা, ড্রিম কেভ ও ফেয়ারি ল্যান্ডের মতো অংশ রয়েছে। এই খনিতেই পাওয়া যায় বিশ্বের বিরল ও মূল্যবান ব্লু জন রত্ন, যা নীল ও বেগুনি রঙের সংমিশ্রণে তৈরি। প্রাপ্তবয়স্কদের জন্য ১৬ পাউন্ড প্রবেশমূল্যের এই স্থানে প্রতিদিন হাজারো পর্যটক ভিড় করেন। গুহার ভেতরে সরু ও আঁকাবাঁকা পথ থাকলেও পর্যটকদের নিরাপত্তার জন্য এটি সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছে।

পিক ডিস্ট্রিক্টের কাছেই অবস্থিত সাত পাহাড়ে ঘেরা শহর শেফিল্ড, যা ‘দ্য স্টিল সিটি’ বা ‘ইস্পাতের শহর’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। একসময় শিল্পকারখানার জন্য বিখ্যাত এই শহরটি আজ ইউরোপের অন্যতম সবুজ নগরী। শহরটিতে প্রায় ৮০০টি সবুজ স্থান এবং ২৫০টির বেশি পার্ক ও উদ্যান রয়েছে। রিভার ডন, শেফ, রিভলিন ও পোর্টার ব্রুক নদী এই শহরের প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। একবিংশ শতাব্দীতে এসে শেফিল্ড শিল্পনগরী থেকে প্রকৃতিপ্রেমীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

পিক ডিস্ট্রিক্টের বিস্তীর্ণ এলাকাজুড়ে মাইলের পর মাইল রাস্তার দুপাশে ঘোড়া, গরু ও ভেড়ার খামার দেখা যায়। পর্যটকদের থাকার জন্য পাহাড় ও লেকের কিনারে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কটেজ রয়েছে। গ্রীষ্মের শুরুতে এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে, তবে বছরের প্রায় সব সময় প্রকৃতির রূপ উপভোগ করা যায়। লন্ডনের ব্যস্ততা থেকে দূরে তিন ঘণ্টার ড্রাইভ দূরত্বে অবস্থিত এই ন্যাশনাল পার্কটি ভ্রমণপিপাসুদের জন্য প্রশান্তির এক অনন্য ঠিকানা।