২০২৬ বিশ্বকাপ সম্প্রচারে জিরো কস্টের দাবি তথ্যমন্ত্রীর

কাতার বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে বিগত সরকারের আমলের শতকোটি টাকার অনিয়ম ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফার কাছ থেকে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া রাইটস কেনা হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। এ সময় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং বিটিভি মহাপরিচালক মো. মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী জানান, ২০২২ সালের কাতার বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল। সেই সময়ে ফিফার কাছ থেকে ৩.২ মিলিয়ন ডলারে সিঙ্গাপুরের একটি কোম্পানি রাইটস কিনলেও, পরে ‘তমা কনস্ট্রাকশন’ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের ট্যাক্সের ৯৮ কোটি টাকা খরচ করা হয়েছিল। এছাড়া টি-স্পোর্টস ২২ কোটি ও ট্রফি ১৭ কোটি টাকায় সাব-লাইসেন্স কিনেছিল। সব মিলিয়ে প্রায় ১৪০ কোটি টাকার বিশাল টার্নওভারের মাধ্যমে অর্থ লোপাটের অভিযোগ করেন মন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দূরদর্শী ও সাশ্রয়ী নীতির ফলে এবারের বিশ্বকাপে সম্প্রচার খরচ প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ ছিল যে, দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর খেলা দেখার অধিকার নিশ্চিত করতে হবে, কিন্তু রাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে জনগণের ট্যাক্সের কোনো টাকা অপচয় করা যাবে না। এই নির্দেশনা মেনে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ফিফার সঙ্গে দর-কষাকষির মাধ্যমে ৩.৮৫ মিলিয়ন ডলারে (প্রায় ৪৭ কোটি টাকা) মিডিয়া রাইটস কিনেছে বিটিভি।

মন্ত্রী আরও জানান, দেশের চারটি মাধ্যমের কাছে সাব-লাইসেন্সিং করে ব্যয়ের প্রায় পুরো টাকাই তুলে আনা সম্ভব হয়েছে। বর্তমানে মাত্র ৪ থেকে ৫ কোটি টাকার মতো সামান্য ঘাটতি রয়েছে, যা বিজ্ঞাপন ও রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে সমন্বয় করে চূড়ান্তভাবে শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে। তিনি বলেন, বিগত সরকার ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আবেগ ও আগ্রহকে জিম্মি করে দুর্নীতির হাতিয়ার বানিয়েছিল। যেমনটি করা হয়েছিল বিদ্যুৎখাতের চাহিদাকে জিম্মি করে ইনডেমনিটি আইনের মাধ্যমে। ২০২২ সালের দুর্নীতির সঙ্গে ২০২৬ সালের তারেক রহমান সরকারের এই সফল ও সাশ্রয়ী পারফরম্যান্স তুলনা করলেই জনগণের কাছে সব পরিষ্কার হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে বিটিভির কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন তথ্যমন্ত্রী। এছাড়া দর-কষাকষিতে সহযোগিতা করার জন্য স্পোর্টস রিপোর্টার, বাফুফে, তথ্য প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। জহির উদ্দিন স্বপন বলেন, আজ খেলা শেষ হওয়ার মধ্য দিয়ে এই পর্ব সমাপ্ত হচ্ছে। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এখন থেকেই পরিকল্পনা শুরু করবে যেন আগামী বিশ্বকাপগুলোতে এই সম্প্রচার প্রক্রিয়াকে শুধু জিরো কস্ট নয়, বরং উন্নত প্রযুক্তি ব্যবহার করে একটি লাভজনক অবস্থানে রূপান্তর করা যায়।

কন্টেন্ট: সংগৃহীত