দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মৃত চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত রোগী পাওয়া গেছে এক লাখ ১৭ হাজার ৬৪৮ জন শিশু। এর মধ্যে ১৪ হাজার ৪৩১ জন শিশুর শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।
এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা এক লাখ ১৩৭ জন। তবে আক্রান্তদের মধ্যে ৯৬ হাজার ৫২১ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে হামের উপসর্গের রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এই সময়ে ঢাকা বিভাগে ৩৪৬ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে, যার মধ্যে ৪৯ জনের হাম নিশ্চিত করা হয়েছে।

