বগুড়ায় বিতর্কিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি এবং তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় ইউনিয়নগুলোর পূর্বের নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিষয়টি জাতীয় সংসদ পর্যন্ত গড়িয়েছিল এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো নির্দেশনার প্রেক্ষিতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান নাম পরিবর্তনের উদ্যোগ নেন।

আজ রোববার জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় পরিবর্তনের বিষয়টি অনুমোদনের পর জেলা প্রশাসক তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে নতুন নামগুলো ঘোষণা করেন। তিনি জানান, সভার সিদ্ধান্তের চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

ঘোষণা অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নতুন নাম রাখা হয়েছে বেতগাড়ী ইউনিয়ন। এছাড়া মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে রহবল ইউনিয়ন করা হয়েছে।

এর আগে গত ১১ জুন জেলা প্রশাসকের সই করা গেজেটে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে চারটি নতুন ইউনিয়ন গঠনের কথা জানানো হয়েছিল। এর মধ্যে মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত নামকরণের বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে গত ২৩ জুন শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোকামতলা উপজেলার জগন্নাথপুর উচ্চবিদ্যালয় মাঠ ও ভরিয়া উচ্চবিদ্যালয় মাঠে এবং ২৫ জুন মোকামতলা উপজেলার রহবল উচ্চবিদ্যালয় মাঠে পৃথক গণশুনানি অনুষ্ঠিত হয়। জনগণের মতামত ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী চূড়ান্তভাবে এই নামগুলো পরিবর্তন করা হলো।

কন্টেন্ট: সংগৃহীত