হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে ইরানের আইআরজিসির হামলা

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের সময় আইন অমান্যকারী দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২০ জুলাই) মিডল ইস্ট আই-এর একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তেহরানের ভাষ্যমতে, মার্কিন সামরিক বাহিনীর চাপে পড়ে জাহাজ দুটি এই জলপথের দক্ষিণের অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে যাতায়াতের চেষ্টা করছিল।

আইআরজিসি তাদের বিবৃতিতে কঠোর অবস্থান ব্যক্ত করে বলেছে, 'এটি আমাদের ভূমি, এবং হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা মার্কিন সন্ত্রাসী বাহিনীর হস্তক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই এবং বিষয়টিকে নিশ্চিতভাবে মোকাবিলা করা হবে।' বিবৃতিতে মার্কিন বাহিনীর উপস্থিতিকে এই অঞ্চলের নিরাপত্তার জন্য প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করা হয়েছে।

আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, 'অঞ্চলে যুক্তরাষ্ট্রের অপকর্ম যতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত রাসায়নিক সার কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও এই জলপথটি নিরাপদ থাকবে না।' মার্কিন বাহিনীর কর্মকাণ্ডের কারণেই গুরুত্বপূর্ণ এই প্রণালিতে সার্বিক নৌ চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে বলে দাবি করেছে আইআরজিসি।