বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, নরসিংদীর সমৃদ্ধ সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আমাদের যথাযথভাবে লালন করতে হবে। বিদেশি সংস্কৃতি পরিহার করে দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে বুকে ধারণ করে তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। সোমবার বিকেলে নরসিংদী শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ‘বর্ষায় নজরুল’ উদযাপন এবং ২০২৫-২৬ অর্থবছরের সাংস্কৃতিক অনুদান বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
শিল্পকলা একাডেমির বর্তমান বেহাল দশা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে খায়রুল কবির খোকন বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের সংস্কারে কোনো কাজ করেনি। তারা কেবল লুটপাটে ব্যস্ত ছিল এবং জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। তিনি উল্লেখ করেন, এই অডিটোরিয়ামটি সংস্কার করা হলে এটি একটি দৃষ্টিনন্দন ও সুন্দর পরিবেশে পরিণত হতো, যা জনকল্যাণে কাজ আসত।
অনুষ্ঠানে জেলার ৫৯ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে ৯ লাখ ৮৮ হাজার ২৫০ টাকা এবং ৮টি সাংস্কৃতিক সংগঠনকে ৩ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের সামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন ও নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার। পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন জেলা কালচারাল অফিসার রুনা লায়লা।

