বায়ুদূষণের তালিকায় সপ্তম স্থানে ঢাকা

বিশ্বের বিভিন্ন মেগাসিটির মতো বায়ুদূষণের কবলে পড়েছে ঢাকা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্যমতে, বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান আজ সপ্তম। এ সময় ঢাকার বায়ুমান স্কোর ছিল ১২৮, যা বায়ুমান সূচক অনুযায়ী ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

তালিকায় সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে উগান্ডার কাম্পালা শহর। শহরটির বায়ুমান স্কোর ২৬৬, যার অর্থ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। একই সময়ে ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা বাহরাইনের মানামা শহরের স্কোর ১৬৫। এছাড়া ১৫১ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় চতুর্থ, ১৩৪ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর পঞ্চম এবং ১৩২ স্কোর নিয়ে মিশরের কায়রো ষষ্ঠ অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বায়ুমান সূচকে স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মান মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত