প্রবাসী কার্ডধারীদের বিমান ও পর্যটন খাতে বিশেষ সুবিধা দেবে সরকার

প্রবাসী বাংলাদেশিদের জীবনমান সহজ ও উন্নত করার লক্ষ্যে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড়, বলাকা ভিআইপি লাউঞ্জ ব্যবহারে ডিসকাউন্ট এবং বিমানবন্দরে প্রাধান্যভিত্তিক চেক-ইন ও বোর্ডিংয়ের মতো একাধিক সুবিধা পাবেন। পাশাপাশি বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলেও বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

মঙ্গলবার সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়। সভায় প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভার শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত এই প্রবাসী কার্ড বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানান, প্রবাসীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রবাসীদের হয়রানিমুক্ত সেবা প্রদানে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, প্রবাসী কার্ডধারীদের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতে বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে বিমানবন্দরে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিংয়ের সুবিধাও নিশ্চিত করা হবে, যা বর্তমান সরকারের প্রবাসীবান্ধব কর্মসূচির অংশ।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত