মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লোকালয় থেকে ১৮ ফুটের একটি বিশাল অজগর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৫ নম্বর পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে স্থানীয় পথচারী ওয়াসিম মিয়া সাপটিকে প্রথম দেখতে পান। অজগরটি লোকালয়ে চলে আসায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে সাপটিকে হত্যারও চেষ্টা করেন।
পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় সচেতন ব্যক্তিরা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বাবুল রবিদাস ঘটনাস্থলে পৌঁছান। তারা অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে অজগরটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানিয়েছেন, পরবর্তীতে অজগরটিকে কমলগঞ্জের লাউয়াছড়া বনে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক আরও বলেন, অজগর বিষধর কোনো প্রাণী নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কোনো বন্যপ্রাণী লোকালয়ে দেখা দিলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে বরং বন বিভাগ বা স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

