আগামী বছরের প্রথমদিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, এই নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ। জনপ্রতিনিধিদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ইচ্ছা করলেই বরখাস্ত করা উচিত নয়।
চেয়ারম্যান ও মেম্বারদের ভাতার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে সম্মানজনক জায়গায় আনার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন মন্ত্রী। এছাড়া এ বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে জানিয়ে এই কাজে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারি ত্রাণ সঠিকভাবে বণ্টনের পরামর্শ দিয়ে তিনি বলেন, গরিবের হক যেন কোনোভাবেই নষ্ট না হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, বিগত সময়গুলোতে ত্রাণ বরাদ্দ হতো এপ্রিল মাসে। তবে এবার থেকে ত্রাণের বরাদ্দ সেপ্টেম্বর মাসে দেওয়া হবে, যাতে বাকি চার মাস ত্রাণ বণ্টনের কাজ সুষ্ঠুভাবে শেষ করা যায়।
বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে আয়োজিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

