এলএনজির ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন অনুবিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বুধবার (২২ জুলাই) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
মনির হোসেন চৌধুরী জানান, একটি এফএসআরইউ বা এলএনজির ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যার ফলে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে এবং এর প্রভাবে সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। তিনি আশ্বস্ত করে বলেন, বর্তমানে ত্রুটি মেরামতের কাজ চলছে এবং আগামী ২ দিনের মধ্যে এটি পুরোপুরি সমাধান হবে বলে আশা করা হচ্ছে। সিএনজি স্টেশনের এই সংকট অত্যন্ত সাময়িক এবং দ্রুতই এটি কেটে যাবে।
দেশের সামগ্রিক গ্যাসের চাহিদার তথ্য তুলে ধরে তিনি জানান, দেশে প্রতিদিন প্রাকৃতিক গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে প্রতিদিন ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়। ফলে দেশে দীর্ঘ দিন ধরেই গ্যাসের কিছুটা ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, গত অনেক দিন গ্যাস অনুসন্ধান নিয়ে কাজ করা হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই অনুসন্ধান কার্যক্রম এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

