ঢাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ও এর আশপাশের এলাকায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ২২ মিনিটে হবে বলে জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত