হাতকড়া ছাড়াই আদালতে জিয়াউল আহসান: ট্রাইব্যুনালে আজ শুনানি

২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংঘটিত ঘটনার জেরে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

শুনানির আগে দুপুরে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তিনি হাতকড়া পরতে অস্বীকৃতি জানান। এ সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাকে প্রিজন ভ্যান থেকে না নামিয়েই সরে যান। পরে অবশ্য পুলিশ কর্মকর্তারা এসে হাতকড়া ছাড়াই তাকে নামিয়ে ট্রাইব্যুনালের গারদে নিয়ে যান। ওই সময় জিয়াউল আহসানের বোন ও তার আইনজীবী নাজনীন নীহার সেখানে উপস্থিত ছিলেন। প্রিজন ভ্যানের ভেতর থেকে জিয়াউল আহসানকে নিজের নিরাপত্তা নিয়ে বিভিন্ন শঙ্কার কথা বলতে শোনা গিয়েছিল।

এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি শহীদুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ডা. দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী। এছাড়াও রয়েছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা। মামলার অপর আসামিরা পলাতক রয়েছেন।

আসামিদের বিরুদ্ধে আনা দুটি সুনির্দিষ্ট অভিযোগের প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনার কথা বলা হয়েছে।