মেগাসিটি ঢাকা দীর্ঘ সময় ধরে বায়ুদূষণের কবলে থাকলেও সবশেষ বায়ুর মান সূচকে শহরটির বাতাসে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বর্তমানে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫৫। এদিন ঢাকার বায়ুমান স্কোর ৫৮, যা নির্দেশ করে যে এখানকার বাতাসের মান এখন ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে।
বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বায়ুমান স্কোর ১৫৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা উগান্ডার কাম্পালার স্কোর ১৩৯। এছাড়া ১২৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, ১২৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে জেরুসালেম এবং ১১৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। এছাড়া চীনের চেংদু শহর ১১০ স্কোর নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

