যশোরে মাদক নিয়ে বিরোধে ১৪ মামলার আসামি কুপিয়ে হত্যা

যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম ওরফে জিতু (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। নিহত শরিফুলের বিরুদ্ধে হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৪টি মামলা রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার রাতে শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তরা শরিফুলকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজী মাসুম রেজা জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শরিফুলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পথিমধ্যে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ মর্গে রাখা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মিরাজুল ইসলাম প্রথম আলোকে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় সুমন মিয়া (৩২) নামের একই এলাকার একজনকে আটক করা হয়েছে। আটক সুমনের বিরুদ্ধেও মাদক, চাঁদাবাজি ও মারামারিসহ ১১টি মামলা রয়েছে। পুলিশ এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করেছে।

কন্টেন্ট: সংগৃহীত