ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন রাভনীত সিং বিট্টু

ভারতের কেন্দ্রীয় রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিজেপি নেতা রাভনীত সিং বিট্টু। গত জুন মাসেই রাজ্যসভার সদস্য হিসেবে তার মেয়াদের সমাপ্তি ঘটেছিল। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সূত্রের বরাতে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বিট্টু। আম আদমি পার্টি (আপ) শাসিত এই রাজ্যে বিজেপির রাজনৈতিক ভিত্তি মজবুত করার কাজে তিনি বর্তমানে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বিট্টু জানান, ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, ভারতের এবং বিশেষ করে পাঞ্জাবের জনগণের সেবা করা তার জন্য সৌভাগ্যের বিষয় ছিল। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শে তিনি অবিচল থেকে নতুন উদ্যমে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালের ছেড়ে দেওয়া রাজস্থানের রাজ্যসভা আসনে তাকে অবশিষ্ট মেয়াদের জন্য মনোনীত করেছিল বিজেপি।