গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের মেকারপাড়া এলাকায় ‘বাঘ দেখা গেছে’—এমন খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতর্কবার্তাসহ নানা ধরনের পোস্ট ছড়িয়ে পড়ায় স্থানীয়দের দুশ্চিন্তা আরও বেড়েছে।
গত বৃহস্পতিবার বিকেল থেকে এই আতঙ্ক শুরু হয়। স্থানীয় বাসিন্দা মনির হোসেন ফেসবুকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পোস্ট দেন। আরিফুল ইসলাম নামের আরেক ব্যক্তি দাবি করেন, গ্রামের মাছের খামার ও বসতবাড়ির কাছে দুটি শাবকসহ প্রাণীটিকে দেখা যাচ্ছে। এছাড়া ইকবাল হোসেন নামের একজনের তোলা একটি ছবিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যদিও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। হাবিবুর রহমান নামের আরেক স্থানীয় বাসিন্দা জানান, রাতের অন্ধকারে তিনি বড় আকৃতির ছোপ ছোপ দাগযুক্ত একটি প্রাণী দেখেছেন।
তবে স্থানীয়দের এই আতঙ্ককে ভিত্তিহীন বলছে বন বিভাগ। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে এটি বাঘ নয়, বরং মেছো বিড়াল। তিনি আরও বলেন, ভাওয়াল বনাঞ্চলে দীর্ঘদিন ধরেই এই প্রাণীটির অস্তিত্ব রয়েছে।
বন বিভাগের এই কর্মকর্তা স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, মেছো বিড়াল সাধারণত মানুষের জন্য ক্ষতিকর কোনো প্রাণী নয়।

