কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ বাবা, উদ্ধার ছেলে

পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে সমুদ্রের পানিতে গোসলে নেমে হেলাল শেখ নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টের সায়মন বিচের দক্ষিণ পাশে মডার্ন হ্যাচারিসংলগ্ন সমুদ্র এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। নিখোঁজ হেলাল শেখ মেহেরপুরের পশু হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা। তিনি পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন।

ঘটনার সময় হেলাল শেখের সঙ্গে তার ছেলে দীপও সমুদ্রে গোসলে নেমেছিল। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের সহায়তায় দীপকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, খবর পাওয়ার পরপরই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

সৈকতে দায়িত্ব পালনরত বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির নিয়ন্ত্রিত লাইফগার্ড এবং উদ্ধারকর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। সন্ধ্যা পর্যন্ত সমুদ্রে তল্লাশি চালানো হয়েছে এবং নিখোঁজ হেলাল শেখের সন্ধানে অভিযান এখনো অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত