বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের আগে স্পেনকে সতর্ক করে দিলেন দেশটির কিংবদন্তি কোচ ভিসেন্তে দেল বস্ক। ২০১০ সালে স্পেনকে বিশ্বচ্যাম্পিয়ন করা এই কোচ মনে করেন, আর্জেন্টিনা এমন একটি প্রতিপক্ষ যারা বিপক্ষ দলকে চরম ভোগান্তিতে ফেলতে এবং মুহূর্তের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে দারুণ পারদর্শী।
স্প্যানিশ দৈনিক এল পাইস-এর সঙ্গে আলাপকালে ৭৫ বছর বয়সী এই কিংবদন্তি কোচ বলেন, 'আর্জেন্টিনা এমন একটি দল, যাদের বিপক্ষে খেলা খুবই কঠিন। তাদের নিঃসন্দেহে ভীষণ ঝামেলার প্রতিপক্ষ বলা যায়। তারা খুব ভালো করেই জানে একটি ম্যাচ জিততে ঠিক কী কী করতে হয়।'
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থেকেও আর্জেন্টিনার দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, 'আমার কাছে মনে হচ্ছে ফাইনালে স্পেন কিছুটা এগিয়ে আছে। তবে আর্জেন্টিনার অভিজ্ঞতা এবং কঠিন প্রতিপক্ষ হিসেবে তাদের মানসিকতার বিষয়ে স্পেনের অবশ্যই সতর্ক থাকতে হবে।'
দেল বস্ক স্পেনের এবারের পারফরম্যান্স নিয়েও মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি বলেন, 'এই টুর্নামেন্টে স্পেন তাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছে। তারা পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে এবং আত্মবিশ্বাস ও স্থিরতার দারুণ উদাহরণ দেখিয়েছে।'
উল্লেখ্য, আগামী রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে।

