সাকিবের দেশে ফেরা নিয়ে কঠোর অবস্থানে ক্রীড়া প্রতিমন্ত্রী

নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া সাপেক্ষে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের এই ইচ্ছার কথা জানান। সাকিব দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি এবং দেশে ফিরতে আগ্রহী।

তবে সাকিবের এই বক্তব্যের বিপরীতে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি স্পষ্টভাবে জানান, সাকিবের রাজনৈতিক অবস্থানের কারণে তার দেশে ফেরার সুযোগ নেই। আমিনুল হক বলেন, তারা এতদিন বিষয়টি নমনীয় ও সহনশীলভাবে দেখছিলেন, তবে এখন আর সেই সুযোগ নেই। তিনি আরও যোগ করেন, ‘যে স্বৈরাচারের মঞ্চে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। সে যদি আসে, তাহলে আইনগতভাবে আসবে।’

২০২৪ সালের আগস্ট মাসে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাকিব আল হাসান বাংলাদেশে ফেরেননি। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাকিব জানিয়েছেন, তিনি দ্রুত দেশে ফিরতে চান। তবে তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে ফেরার বিষয়টিও তিনি বিবেচনা করছেন। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সাকিব বলেন, দলের প্রধান বা ক্যাপ্টেন যা বলেন, তারা সেটাই অনুসরণ করেন এবং তাদের সিদ্ধান্তই মেনে চলবেন।

দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে সাকিব বলেন, তিনি সেখানে শুধু শান্তি ও বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরেছেন এবং এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় তার আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন। সাকিব আরও জানান, দেশে ফেরার বিষয়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও আলোচনা করতে আগ্রহী।

কন্টেন্ট: সংগৃহীত