নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে, কবে মাঠে নামবে মেসিরা

ক্রমাগত তিনটি ড্র করে সবাইকে অবাক করে নকআউটের টিকিট নিশ্চিত করেছে কেপ ভার্দে। এই একই গ্রুপ থেকে বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে। আর এই সমীকরণের কারণেই নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে কেপ ভার্দেকে পেয়েছে।

আজ সকালে ভোজিনিয়ার দল গোলশূন্য ড্র করেছে সৌদি আরবের বিপক্ষে। অন্যদিকে, উরুগুয়ে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে। ম্যাচের আগে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সামনে সমীকরণটি ছিল বেশ সহজ; সৌদি আরব ও কেপ ভার্দের ম্যাচটি ড্র হলে স্পেনের বিপক্ষে একটি ড্র করলেই তাদের পরের রাউন্ড নিশ্চিত হতো। কিন্তু কোচ মার্সেলো বিয়েলসার দল শেষ পর্যন্ত হেরে বসে, যার ফলে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়। আর এতেই কপাল খুলে যায় কেপ ভার্দের।

এর আগে আর্জেন্টিনা গ্রুপ জে-র শীর্ষ দল হিসেবে রাউন্ড অব ৩২-এ নিজেদের জায়গা পাকাপোক্ত করেছে। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে পরাজিত করে তারা এই সাফল্য অর্জন করে। ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা নিয়ম অনুযায়ী গ্রুপ এইচ-এর রানার্স আপ দলের মুখোমুখি হবে, আর সেই সুবাদেই লিওনেল মেসিরা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন কেপ ভার্দেকে।

আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার এই নকআউট ম্যাচটি আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে। ম্যাচটি মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৪টায় শুরু হবে।