আর্জেন্টিনার জয়ে শোবিজ তারকাদের বাঁধভাঙা উচ্ছ্বাস

আর্জেন্টিনার জয়ে শোবিজ তারকাদের বাঁধভাঙা উচ্ছ্বাস

২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম আলোচিত দল এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে দলটির ৩-০ গোলের একপেশে জয় ফুটবল ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। এই জয়ের রেশ শুধু সাধারণ ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকাদেরও ছুঁয়ে গেছে। প্রিয় দল আর্জেন্টিনার এমন দুর্দান্ত বিজয়ে বাংলাদেশের অনেক জনপ্রিয় শোবিজ তারকা তাদের বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মেসির বিজয়ে একাধিক ফেসবুক পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি মেসিকে ‘ম্যাজিকাল মেসি’ উল্লেখ করে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন। এরপর আর্জেন্টিনার সাপোর্টার ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যের ছবিও পোস্ট করেছেন এ নায়িকা।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ফেসবুকে পোস্ট দিয়ে বিজয়ের মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে বুঝিয়েছেন—এই জয় আর্জেন্টিনার প্রাপ্য ছিল। সবার অনুভূতি কী, সেটিও জানতে চেয়েছেন তিনি।

প্রিয় দলের জয়ে পোস্ট দিয়ে ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

ইরফান সাজ্জাদ লিখেছেন, “ছেলেটার শুধু বিশ্বকাপে হ্যাটট্রিক করাটাই বাকি ছিল। প্রথম ম্যাচে সেটাও হয়ে গেল।”

এছাড়া অভিনেত্রী জাকিয়া বারী মম জানান বিজয়ে রাঙা সকালের শুভেচ্ছা। অভিনেত্রী সালহা খানম নাদিয়াও জানান মা-সন্তানের পক্ষ থেকে দলের প্রতি ভালোবাসা।

অভিনেতা নিলয় আলমগীর বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার রাজকীয় শুরু উল্লেখ করেছেন। একইরকম অনুভূতি অভিনেতা সজলসহ আরও অনেক তারকার কণ্ঠে।