নাটোরের বাগাতিপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর হত্যা ও ডাকাতি মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ জুলাই) জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। একই মামলায় অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে, মামলার জরিমানার টাকা থেকে তিন লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। জরিমানার অবশিষ্ট অর্থ মামলার বাদী ও ভুক্তভোগীর পরিবারকে (মামলার বাদী জিয়া সরদার) দেওয়ানি ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দিয়েছেন বিচারক।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ভ্যানচালক প্রান্ত আড়ানী থেকে পাকাহিয়নে যাওয়ার পথে আসামিরা তাকে গতিরোধ করে। এরপর তারা ভ্যানসহ তার মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে প্রান্ত চিৎকার করলে আসামিরা তাকে হত্যা করে পাশের একটি জমিতে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পরদিন ৩০ সেপ্টেম্বর সকালে নিহতের বাবা জিয়া সরদার ছেলের মরদেহ উদ্ধার করেন এবং বাঘা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তের এক পর্যায়ে পুলিশ শরিফুল ইসলাম, লিটন মণ্ডল ও মাজেদুলকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। মামলার দণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন মো. রানা ও শওকত আলী মণ্ডল। সরকার পক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. রুহুল আমিন হাওলাদার টগর জানান, গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেছেন।

