সরকারি কোনো অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন না করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
হাসান শিপলু জানান, রোববার সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার পথে প্রধানমন্ত্রী রাস্তায় একটি মন্ত্রণালয়ের কর্মসূচির ব্যানার ও ফেস্টুনে নিজের ছবি দেখতে পান। সচিবালয়ে নিজের দপ্তরে পৌঁছে তিনি তাৎক্ষণিকভাবে মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে এই বিষয়ে নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন এই পরিপত্রটি জারি করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত ওই পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের জন্য প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রি-ডি বা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার ও ফেস্টুন তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য ও বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে। এই নির্দেশনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে অবিলম্বে তা কার্যকর করার কথা জানানো হয়েছে।
