দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সরকারের বিভিন্ন বহুমুখী উদ্যোগের ফলে বাংলাদেশ এখন এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে। শনিবার চট্টগ্রাম সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। সরকার এই নগরীকে দেশের প্রধান অর্থনৈতিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে। চলতি বাজেটেও এই লক্ষ্য বাস্তবায়নের প্রতিফলন রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৬০০ একর জমিতে একটি ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে নতুন করে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি আয় বাড়ানো এবং কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।
আমির খসরু বলেন, সরকারের মূল লক্ষ্য হলো একটি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশকে উচ্চ আয়ের দেশের কাতারে উন্নীত করা।
এর আগে গত এপ্রিলে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করা। এই লক্ষ্যমাত্রা অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, সৃজনশীল অর্থনীতি এবং স্পোর্টস ইকোনমিকে বিশেষ গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
