যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে ত্রুটিটি শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়।

রবিবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। তিনি জানান, ত্রুটি শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় মেরামতের কাজ সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাতের মধ্যেই ১ নম্বর ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং তা জাতীয় গ্রিডে যুক্ত হবে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ইউনিটটি বন্ধ হওয়ার আগে সেখান থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। বর্তমানে কেন্দ্রের ৩ নম্বর ইউনিটটি সচল রয়েছে। ২৭৫ মেগাওয়াটের মধ্যে এই ইউনিট থেকে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত