অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ জুলাই) ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদস্যদের উদ্দেশ্যে বলেন, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা জোরদার করার পাশাপাশি সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখুন।
এর আগে বেলা ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদর দপ্তরে পৌঁছালে একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে তিনি বিজিবির অপারেশনাল, প্রশিক্ষণ, প্রশাসনিক এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন। পিলখানাস্থ শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বিজিবি সদস্যদের দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। বাহিনীর শৃঙ্খলা, চেইন অব কমান্ড এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আরও বলেন, গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থেকে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সঠিক ব্যবহার, সীমান্তবর্তী জনগণের আস্থা অর্জন, দুর্যোগ ও জাতীয় সংকটে মানবিক ভূমিকা পালন এবং সর্বক্ষেত্রে নিরপেক্ষতা ও আইনের শাসন অনুসরণের ওপর তিনি জোর দেন। 'সবার আগে বাংলাদেশ' এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বিজিবি সদস্যরা দেশের সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় অনন্য ভূমিকা পালন করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য পদবির সদস্য ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে সারাদেশে কর্মরত বিজিবি সদস্যরা যুক্ত ছিলেন। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদর দপ্তরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং পিলখানাস্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন সীমান্ত গৌরব, ২০০৯ শহীদ স্মৃতিস্তম্ভ ও দীপ্ত সীমান্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এছাড়া সীমান্ত কুঞ্জ এলাকায় তিনি একটি বৃক্ষরোপণ করেন এবং শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

