বগুড়ায় ছিঁড়ে পড়া তারে কৃষকের মৃত্যু, ছেলেকে ছুঁয়ে আহত

বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাবাকে স্পর্শ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে। গতকাল শুক্রবার রাতে উপজেলার টুনিপাড়া মৌজায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃত কৃষকের নাম কোরবান আলী (৪৫) এবং গুরুতর আহত ছেলের নাম মো. রবিন (১৮)। নিহত কোরবান আলীর ভাতিজা নুর আলম জানান, শুক্রবার রাতে পল্লী বিদ্যুৎ অফিসের মাধ্যমে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বিদ্যুতের খুঁটির পাশ থেকে কোরবান আলীর মরদেহ উদ্ধার করা হয়। একই জমি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় মো. রবিন ও তাঁর মা রুবি খাতুনকে। আহতদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মো. রবিনকে সেখানে ভর্তি করা হলেও, উন্নত চিকিৎসার জন্য রুবি খাতুনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নুর আলম আরও জানান, কোরবান আলী শুক্রবার সকাল ছয়টার দিকে চাষের জমিতে গিয়েছিলেন। টুনিপাড়া মৌজায় বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে জমির মধ্যে ঝুলে থাকা তারে জড়িয়ে তাঁর মৃত্যু হয়। সারাদিন তিনি বাড়ি না ফেরায় সন্ধ্যার দিকে ছেলে রবিন বাবার খোঁজে জমিতে যান। সেখানে বিদ্যুতের খুঁটির নিচে তারের সঙ্গে জড়িয়ে থাকা বাবার শরীরে স্পর্শ করতেই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। রাত সাতটার দিকে স্বামী ও ছেলের খোঁজে রুবি খাতুন গ্রামের আবদুল হামিদকে সঙ্গে নিয়ে জমির দিকে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, স্বামী ও ছেলে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের নিচে পড়ে আছেন। এই দৃশ্য দেখে তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে জমিতে পড়ে যান। তাঁর সঙ্গে থাকা আবদুল হামিদের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে সংযোগ বন্ধ করা হলে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়।

শেরপুর পল্লী বিদ্যুতের জোনাল কার্যালয়ের পরিদর্শক সবুজ কুমার হালদার বলেন, উপজেলার টুনিপাড়া গ্রামে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইন ছিল। উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের এই তার খুঁটি থেকে ছিঁড়ে জমির মধ্যে পড়ে আছে, এমন তথ্য স্থানীয় কেউ তাঁদের জানাননি। সংবাদ পাওয়ার পর শুক্রবার রাতে তাঁরা ওই এলাকার বিদ্যুতের সংযোগ বন্ধ করেন। পরে ওই রাতেই ছিঁড়ে পড়া তার মেরামত করে পুনরায় বিদ্যুতের সংযোগ চালু করা হয়েছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, এ ঘটনায় শুক্রবার রাতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রাতেই নিহত কোরবান আলীর মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।