ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মা ও তার শিশুপুত্রও রয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (০৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে।
দুর্ঘটনায় নিহতরা হলেন অটোরিকশা চালক মাহবুব (৪৫), অটোরিকশা যাত্রী জোসনা বেগম (৪০) এবং তার পাঁচ বছর বয়সী শিশুপুত্র আশরাফুল। এই ঘটনায় জোসনার স্বামী কাউসার (৫০) এবং তাদের চার বছর বয়সী মেয়ে আদিবা আহত হয়েছেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সকলের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কাউসার সকালে স্ত্রী-সন্তানদের নিয়ে কসবা থেকে সিএনজি অটোরিকশায় করে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার আরোহীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যান চালক ও তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
