মেহেরপুরে ইজিবাইককে সাইড দিতে গিয়ে বাস উল্টে আহত ১০

মেহেরপুর শহরের ওয়াবদা মোড় এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার ওপর একটি ইজিবাইককে সাইড দিতে গিয়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবার মধ্যে পড়ে যায়।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন। আহতদের মধ্যে মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ববিতা খাতুন (৪৫) ও প্রিয়া খাতুন (১৮), সদর উপজেলার আশরাফপুর গ্রামের মিলন (১৮), চাঁদবিল গ্রামের রেনুয়ারা খাতুন (৫৪) এবং দক্ষিণ শালিকা গ্রামের ওসমান (২৮)-এর পরিচয় পাওয়া গেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। উদ্ধার অভিযান শেষ হলে বাসের নিচে কেউ চাপা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

কন্টেন্ট: সংগৃহীত